ছাগল উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ একই গ্রামের ৪ জন নিহত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১০), তাদের আত্মীয় একই গ্রামের রতন নকরেক (২৫) ও গাব্রিয়েল নকরেক (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসেননি।
পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তারা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
মধুপুর থানার ওসি এ.কে এম ফজলুর হক বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।



