
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন বাংলা টিভির আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল টিম। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টায় রাজধানীর সিদ্ধেশ্বরী খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন কাঁপছে পুরো বিশ্ব, তখন সেই আবেগকে আরও রঙিন করে তুলল বাংলা টিভি পরিবারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে দুটি দল এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠিত এই জমজমাট লড়াইয়ে ছিল প্রতিদ্বন্দ্বিতা, ছিল উচ্ছ্বাস, তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল বন্ধুত্ব আর সৌহার্দ্য।
প্রথমার্ধে সাব্বিরের গেলে এগিয়ে থাকে আর্জিন্টিনা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে ব্রাজিলের হয়ে নুর রাজুর গোলে খেলায় সমতা ফিরে আসলেও আর্জেন্টিনা দলের সজল বিশ্বাসের অতর্কিত গোলে আবার তারা এগিয়ে যায়। আক্রমণ আর পাল্টা আক্রমণের মনোমুগ্ধকর এ খেলায় দ্বীতিয়ার্ধে ব্রাজিলের শক্ত ডিফেন্স ভেদ করে সজল বিশ্বাসের আরো একটি গোল আর্জেন্টিনাকে ৩-১ গোলে চূড়ান্ত বিজয় এনে দেয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আর্জেন্টিনা টিমের সজল বিশ্বাস। এছাড়া ম্যান অব দ্যা প্লেয়ার নির্বাচিত হয় আর্জেন্টিনা টিমের সাব্বির।

এদিকে ব্রাজিল টিমের অধিনায়ক ছিল বাংলা টিভি ডিজিটালের রিপোর্টার মাসুদ হাসান। আর আর্জেন্টিনা টিমের অধিনায়ক ছিল বাংলা টিভি ডিজিটালের রিপোর্টার সজল বিশ্বাস।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলা টিভির পরিচালক মীর নুর উস শামস শান্তনু। এ সময় উপস্থিত ছিলেন বার্তা প্রধান এম এম বাদশা, বাংলা টিভির ডিজিটালের ম্যানেজার শরিফুল মিথুন, ডেপুটি ম্যানেজার মো. রাকিবুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
ম্যাচ শেষে দুই দলের কয়েকজন জানান, মাঠের লড়াই ছিল শুধুই খেলার জন্য। মাঠের বাইরে সবাই একে অপরের সহকর্মী, বন্ধু এবং একটি পরিবারের সদস্য।
উল্লেখ্য, যুদ্ধ, সংঘাত আর বিভক্তির এই সময়ে এমন আয়োজন যেন মনে করিয়ে দেয়—প্রতিদ্বন্দ্বিতা থাকুক মাঠে, কিন্তু হৃদয়ে থাকুক সম্প্রীতি। ফুটবল শুধু জয়-পরাজয়ের গল্প নয়; এটি মানুষকে একসঙ্গে হাসতে, আনন্দ ভাগ করে নিতে এবং ভালোবাসার বন্ধনে যুক্ত করার এক অসাধারণ শক্তি।



