
বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বাসা থেকে সাথী (৩৮) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মো. জনি (৪০) নিখোঁজ রয়েছেন, ফলে তাকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার ঝাউতলা এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাথী ও তার স্বামী জনি প্রায় পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিকেলের দিকে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় সাথীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



