
বাংলা টিভি ডেস্ক: রংপুরে একটি হোটেলে সামান্য তর্কের জেরে শাওন (২৪) নামে এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খামার মোড় এলাকার মেয়রের গলি সংলগ্ন একটি ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে।
নিহত শাওন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামের বাসিন্দা ছিলেন এবং ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অভিযুক্ত মনু একই দোকানের মালিক আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দোকানে থালাবাসন রাখার স্থানে পানের পিক ফেলা নিয়ে শাওন ও মনুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মনু হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় টহলরত ডিবি পুলিশ মনুকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
তবে অভিযুক্তের পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং তার চিকিৎসা চলছিল।
অন্যদিকে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের মানসিক অসুস্থতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং জিজ্ঞাসাবাদে তাকে সুস্থ স্বাভাবিক মনে হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



