বাড়ির পাশে চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে বৃদ্ধ নিহত

বাংলা টিভি ডেস্ক: মাগুরা সদর উপজেলায় চাচা-ভাতিজার মধ্যে চলমান সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
সংঘর্ষ চলাকালে ঘটনাটি দেখতে ঘটনাস্থলে যান আরব আলী। এ সময় হঠাৎ ছোড়া একটি ইট তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই সংঘর্ষ চলছিল। কী ঘটছে তা দেখতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ইটের আঘাতে প্রাণ হারান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



