
বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) এবং তাদের ছেলে সিয়াম (১৯)। মঙ্গলবার (১৬ জুন) তাদের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।
জানা গেছে, গত ১১ জুন সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন মারা যান সুলতানা। এরপর ১৫ জুন ভোরে মারা যান তার স্বামী আব্দুল মান্নান। একই দিন কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় তাদের ছেলে সিয়ামেরও।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঘটনায় পরিবারের আরেক সদস্য ১৩ বছর বয়সী মিম এখনো চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি হাসপাতালে আছেন। এছাড়া প্রতিবেশী এক শিশু হযরত আলীও চিকিৎসা নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



