
বাংলা টিভি ডেস্ক: প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ওয়ারী থানায় দায়ের করা মামলায় তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার আরেক সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ফলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন, অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, “আমার ছেলের জন্য দোয়া রাইখেন।”
মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমদিকে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে আরও অর্থ বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়। একপর্যায়ে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।



