Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাখেলাধুলাদেশবাংলাফুটবল

পতাকা টানাতে গাছে উঠে জ্ঞান হারালেন রোনালদো ভক্ত

গাইবান্ধা প্রতিনিধি (ডিজিটাল): গাইবান্ধার পলাশবাড়িতে পর্তুগালের পতাকা টানাতে কদম গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শামীম (৩০) নামে এক রোনালদো ভক্ত। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন।

শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সমর্থকদের মধ্যে পতাকা টানানোর উন্মাদনার অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বড় কদম গাছে ওঠেন শামীম। গাছের উঁচু ডালে পর্তুগালের পতাকা লাগানোর সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। এতে ভারসাম্য হারিয়ে গাছের ডালের সঙ্গে আটকে পড়েন তিনি।

খবর পেয়ে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়।

পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ লোকমান হাকিম বলেন, গাছে পতাকা টানাতে উঠে অজ্ঞান হওয়া যুবককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছে ওঠার পর মাথা ঘোরার কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা টানানোর প্রবণতা বেড়েছে। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, এমনকি প্রাণহানির ঘটনাও দেখা যাচ্ছে। এ কারণে পতাকা টানানোর ক্ষেত্রে সবাইকে, বিশেষ করে অভিভাবকদের, সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button