প্রেমের টানে তরুণীর বাড়িতে অপর তরুণী, টাঙ্গাইলে চাঞ্চল্য

টাঙ্গাইল প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দুই তরুণী। সেই সম্পর্কের টানে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলের সখিপুরে ছুটে এসেছেন এক তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রিমা ও কিশোরগঞ্জের হাবিবার সম্পর্ক। প্রায় এক বছর আগে টিকটকে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্বে এবং পরে প্রেমে রূপ নেয়।
সম্প্রতি প্রেমের টানে হাবিবা কিশোরগঞ্জ থেকে সখিপুরে রিমার বাড়িতে এসে ওঠেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল ও আলোচনা বাড়ে, প্রতিদিনই তাদের দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, রিমা বিবাহিত এবং তার দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। তবে রিমা জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং হাবিবার সঙ্গে একসঙ্গে জীবন কাটাতে চান।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে শুরু হওয়া সম্পর্কের এমন পরিণতি নিয়ে আলোচনা করছেন।
তবে দুই তরুণী একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করলেও বিষয়টি নিয়ে সামাজিক ও আইনগত বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।



