আসামে ভারতীয় বিমানবাহিনীর ‘এএন-৩২’ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে অবতরণের সময় বিমানঘাঁটির ভেতরেই এটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, এএন-৩২ বিমানটি ভারতীয় বিমানবাহিনীর বহুল ব্যবহৃত একটি সামরিক পরিবহন বিমান। সোভিয়েত যুগে বিশেষভাবে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি এই টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ায় মালামাল ও সৈন্য পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে।
এর আগেও আসামে বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে, যেখানে দুই পাইলট নিহত হন। সেই ঘটনার কয়েক মাস পর আবারও একই অঞ্চলে বিমান দুর্ঘটনা ঘটল।



