Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

কানের দুলের লোভে হত্যা! বস্তাবন্দি মরদেহ উদ্ধার আটক ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যা করে বস্তাবন্দি করে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দম্পতিসহ ৪জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটির কানে থাকা সোনার দুলের লোভে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিশু রাখা মনি (৬) উপজেলার সান্তাহার সাহেবপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) আছরের আজানের পর রাখা মনি প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী আমজাদ হোসেনের বাড়িতে সন্দেহ হলে স্থানীয়রা সেখানে তল্লাশি চালান। পরে ঘরের মেঝেতে রাখা একটি বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, শিশুটিকে কৌশলে আমজাদ হোসেনের বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রতিবেশীসহ ৪জনকে আটক করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ সদস্যরাও হামলার মুখে পড়েন। এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে কানে থাকা সোনার দুলের লোভে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিশুর স্বজনরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button