
বাংলা টিভি ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ আর টানা বৃষ্টিতে ভিজছে কক্সবাজার। কখনো হালকা, কখনো ভারী বর্ষণের মধ্যেই একদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সফরসূচির বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা গেছে। বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন এবং অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অনেকেই ছাতা হাতে, আবার অনেকে বৃষ্টিতে ভিজেই প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন।
সফর উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাস টার্মিনাল ও লিংক রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। এর ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে বিমানবন্দরে যাতায়াতকারী অনেক যাত্রী যানবাহনের সংকট ও দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে একটি পথসভায় অংশ নেবেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি পেকুয়ায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম-এর কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিন প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে এ দুটি প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভাকে কেন্দ্র করে চকরিয়া ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। পরে রাতে Long Beach Hotel-এ আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রায় ১২ ঘণ্টার ব্যস্ত কর্মসূচি শেষে রাতেই কক্সবাজার ত্যাগ করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। টানা বৃষ্টি সত্ত্বেও তার সফরকে ঘিরে কক্সবাজারজুড়ে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।



