
বাংলা টিভি ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে জাল দলিলের মাধ্যমে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মো. হযরত আলী এ বিষয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, স্থানীয় মো. আক্কাস আলী ও হামেদ আলী তার চাচা রেজু বেপারীকে নিজের বাবা হিসেবে দেখিয়ে জাল কাগজপত্র ও দলিল তৈরি করে বালুচর মৌজার ১৪৩নং খতিয়ানের ২২৭৯ ও ২২৮০নং দাগের প্রায় ৪৪ শতাংশ জমি বিক্রি করেন। এ ঘটনায় প্রতিবাদ করলে হযরত আলীকে গালিগালাজ করা হয় এবং পরে রড দিয়ে মারধর করে আহত করা হয় বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী হযরত আলী বলেন, তিনি বিদেশে থাকার সুযোগে তার পরিবারের সদস্যরা জাল দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি করেছে। তিনি এর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উত্তেজনার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



