Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

বাংলা টিভি ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের জন্য নতুন আর্থিক সহায়তা নীতিমালা জারি করেছে।

নতুন নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলা বা দুর্ঘটনায় কোনো কর্মকর্তা-কর্মচারী নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। একই ধরনের ঘটনায় কেউ গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা এবং সাময়িকভাবে অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। সাধারণ আহতদের ক্ষেত্রে আঘাতের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে পরিবারের জন্য সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ অসুস্থতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিলে সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ থাকবে।

অনুদান পাওয়ার জন্য নির্দিষ্ট পারিবারিক অগ্রাধিকারও নির্ধারণ করা হয়েছে। স্বামী বা স্ত্রী থাকলে তিনি আবেদন করতে পারবেন। একাধিক স্ত্রী থাকলে অর্থ সমানভাবে বণ্টন করা হবে। স্বামী-স্ত্রী না থাকলে সন্তান, এবং সন্তান না থাকলে বাবা-মা বা ভাই-বোন আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে ঘটনার সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে, এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও কমিশনের মাধ্যমে যাচাই-বাছাই শেষে অনুদান অনুমোদন করা হবে। এ জন্য নির্বাচন কমিশনে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

ইসির মতে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় ঝুঁকিতে থাকা কর্মীদের নিরাপত্তা ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই এই নীতিমালার মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button