Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

বিশ্বকাপে সবকিছু উজাড় করে দেব: মেসি

বাংলা টিভি ডেস্ক: লিওনেল মেসি মাঠে ফিরে গোল করেই ভাঙলেন ৬৯ বছরের পুরোনো রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় এখন মেসিই। তার গোলের পাশাপাশি ভ্যালেন্টিন বার্কো আর থিয়াগো আলমাদার গোলে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে টিওয়াসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক আবারও বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মেসি এভাবে শুরু করেন, ‘শুরু থেকেই উপভোগ করেছি। অনেক দিন পর খেলতে মুখিয়ে ছিলাম, যদিও ক্যাম্পে আসার পর থেকেই এই অস্বস্তিটা ছিল। এখন ভালো লাগছে, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চিত। ভয়টা কাটিয়ে মুক্তভাবে খেলতে চেয়েছিলাম। সবাইকে শতভাগ প্রস্তুত করে বিশ্বকাপ অভিষেকের জন্য আমাদের হাতে আর এক সপ্তাহ আছে।’

আরেকটি শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক জানান, সাম্প্রতিক সাফল্য দলের ক্ষুধা কমিয়ে দেয়নি।

তার ভাষায়, ‘যে কোনো টুর্নামেন্ট শুরু হলে, বিশেষ করে বিশ্বকাপ, আমরা সবসময়ই ভীষণ উত্তেজিত থাকি। আমি আগেও বলেছিলাম, এই দল আমাদের হতাশ করবে না। তারা সেটাই প্রমাণ করেছে। যে প্রতিপক্ষই হোক, যে প্রতিযোগিতাই হোক, তারা একই ক্ষুধা ও উদ্দীপনা নিয়ে লড়াই করে। এটা এমন একটি দল, যারা সবসময় আরও বেশি চায়। আমরা ধাপে ধাপে এগোব, কিন্তু প্রবল ইচ্ছা, উদ্দীপনা ও নিজেদের সামর্থ্যের প্রতি বিশ্বাস নিয়ে।’

তিনি আরও যোগ করেন, ‘এই দল যা অর্জন করছে, তার সবকিছুই তাদের প্রাপ্য। আমরা সবসময় যেমন চেষ্টা করেছি, এবারও তেমনই সর্বোচ্চটা দেব। মানুষ নিশ্চিত থাকতে পারে, আমরা সব উজাড় করে দেব। সাম্প্রতিক বছরগুলোতে সৌভাগ্যক্রমে ভালো ফল পেয়েছি, কিন্তু প্রতিবারই কাজটা আরও কঠিন হয়। আমরা সেই চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নিয়েছি। আবারও সেটা করতে চাই। হবে কি না, সেটা ফুটবলই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য সহজ হবে না, কারণ আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।’

মেসি এদিন বদলি হিসেবে ৬৯ মিনিটে মাঠে নামেন এবং মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যেই গোল করেন। অবার্ন ইউনিভার্সিটির জর্ডান-হেয়ার স্টেডিয়ামে নেওয়া পেনাল্টি নিখুঁতভাবে জালে পাঠান তিনি। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চলুন, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই।’

আলাবামার এই গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির ১১৭তম গোল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড গড়েন। গোলটি করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৮ দিন। তিনি ছাড়িয়ে গেছেন আনহেল লাব্রুনাকে, যিনি ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে রোকা কাপে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন। সূত্র: টিওয়াইসি স্পোর্টস।

সংশ্লিষ্ট খবর

Back to top button