মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে অনিয়ম, সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদারীপুর সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব ও মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তদন্তে শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।



