Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক

বাংলা টিভি ডেস্ক: চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে আমানত উত্তোলন উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ব্যাংকটি।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৯ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়। ঈদের ছুটির পর গত কয়েক কার্যদিবসে ইসলামী ব্যাংক থেকে জমার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বেশি উত্তোলিত হয়েছে বলে জানা যায়।

সূত্র আরও জানায়, অতিরিক্ত নগদ উত্তোলনের কারণে ব্যাংকটি বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) সংরক্ষণে চাপে পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তা প্রয়োজন বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাবে এখনো কিছু অর্থ রয়েছে। তবে সিআরআর ঘাটতি পূরণ ও ভবিষ্যৎ তারল্য ব্যবস্থাপনার প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ তহবিলের আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, চলতি হিসাবে থাকা অর্থের পরিমাণ সাম্প্রতিক সময়ে কমে এসেছে।

ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর ২০২২ সাল থেকে ইসলামী ব্যাংক বিভিন্ন সংকটের মুখে পড়ে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়।

সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে, যা এখনো চলমান রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার নিয়োগ বাতিল করা উচিত। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয় এবং সাম্প্রতিক সময়ে শীর্ষ পদে পরিবর্তন আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button