Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চলাকালে একটি যানবাহন আটক করে মামলা দেওয়া হয়। এর পরপরই কয়েকজন চালক সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে চালকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘবদ্ধভাবে পুলিশ ভ্যানে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় একটি ভাইরাল ভিডিওতে কয়েকজনকে গাড়িতে উঠে ভাঙচুর করতে দেখা যায়।

ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button