Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, ‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি কথিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত প্রকৌশলী হামিদুল ইসলাম। প্রায় দেড় মিনিটের ভিডিওতে তাকে এক ঠিকাদারের সঙ্গে অর্থ লেনদেন বিষয়ে কথোপকথনে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওতে ঠিকাদারপক্ষের একজনকে প্রকৌশলীর কাছে অর্থের পরিমাণ জানতে চাইতে এবং বিভিন্ন অঙ্কে দর-কষাকষি করতে দেখা যায়। এক পর্যায়ে প্রকৌশলীকে নির্দিষ্ট অঙ্ক উল্লেখ করতে শোনা যায় বলেও ভিডিওতে দেখা গেছে। পরে ভিডিওর শেষাংশে ঠিকাদারপক্ষের ব্যক্তিকে প্রকৌশলীর পকেটে কিছু টাকা দিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদের আগে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের শোলাহার গ্রামে এডিবির অর্থায়নে ২৭৫ মিটার সিসি সড়কের নির্মাণকাজের পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে। ওই সময় ঘটনাটি মোবাইলে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম। তিনি বলেন, ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার দাবি, তিনি কোনো ধরনের অর্থ দাবি বা গ্রহণ করেননি।

এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, ঘটনাটি তিনি জেনেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেনের সুযোগ নেই। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button