
বাংলা টিভি ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পূর্ববিরোধ ও ধর্ষণ মামলাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্বামী মো. আলী আকবর (২৬) গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী আফসানা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী চান মিয়া, রওসোনারা, রুমানা ও শিমুলসহ ৬–৭ জন মিলে আলী আকবরের ওপর হামলা চালান। স্বামীকে রক্ষা করতে গেলে অন্তঃসত্ত্বা আফসানাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আফসানার বাবা মো. শহিদুল ইসলাম জানান, পারিবারিক একটি পুরোনো ধর্ষণ মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে হাসপাতালে নেওয়ার পথে পুনরায় হামলার শিকার হতে হয়।
পরিবারের অভিযোগ, পরে নেছারাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে আফসানাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার গর্ভপাতের ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে।
তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কোনো হামলায় জড়িত নন; বরং তাদের পরিবারের ওপরই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তবে গর্ভপাত সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ বা পূর্ণাঙ্গ তথ্য এখনো জমা দেওয়া হয়নি। প্রমাণপত্র পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, হামলার পর ৪ জুন ওই নারীকে ভর্তি করা হয়। পরবর্তীতে ৬ জুন তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ শুরু হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।



