Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪

বাংলা টিভি ডেস্ক: আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি-কে ব্যঙ্গ করে ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। তবে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা নিজ নিজ দলের ব্যানার ও পতাকা টানিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। এর মধ্যে একটি ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে মেসির ব্যঙ্গচিত্র ব্যবহার করা হলে আর্জেন্টিনা সমর্থকরা এতে আপত্তি জানান এবং ব্যানারটি সরানোর দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় রোববার রাতে আর্জেন্টিনা সমর্থকরা ব্যানারটি সরিয়ে ফেলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সোমবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে রাতে সালিস বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয় বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, ব্যানারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে। বিশ্বকাপকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button