Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

থানায় বসে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি ‘ঘুষ গ্রহণের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে তাকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এর আগে রোববার রাতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ কার্যালয়ে বসে এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করছেন। পরে খাম থেকে টাকা বের করে দ্রুত গণনা করে নিজের মানিব্যাগে রাখতে দেখা যায়। এ সময় তিনি ওই ব্যক্তির সঙ্গে হাসিমুখে কথাবার্তা বলেন। পরে টেবিলের ওপর থাকা একটি লাল রঙের খাতার কিছু লেখা দেখিয়ে তাকে কিছু বোঝাতেও দেখা যায়।

তবে ভিডিওতে টাকা প্রদানকারী ব্যক্তিকে স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া ভিডিওটির অডিও অংশও বন্ধ রাখা হয়েছে। ফলে অর্থ লেনদেনের প্রকৃত কারণ বা উভয়ের কথোপকথন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ‘কাজিম বাবু’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। পরে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে অনেকেই মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন।

কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কে, কখন এবং কীভাবে ভিডিও করেছে, বুঝতে পারছি না। অনেক সময় রেশন বাবদ টাকাও মানুষ দিতে আসে।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই কমলেশ দাসকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button