ফুটবল বিশ্বকাপে চোটের অভিনয় করলেই কঠোর শাস্তি

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলার গতি বৃদ্ধি, সময়ক্ষেপণ রোধ এবং মাঠের শৃঙ্খলা বজায় রাখতে ছয়টি নতুন নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটির রেফারিবিষয়ক প্রধান পিয়েরলুইজি কোলিনার মতে, এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো খেলার স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অপ্রয়োজনীয় বিরতি কমানো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো তথাকথিত ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ বন্ধ করা। এতদিন অনেক সময় গোলকিপাররা কৌশলগতভাবে চোটের ভান করে খেলা থামাতেন, যার সুযোগে খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে নির্দেশনা নিতেন। নতুন নিয়মে গোলকিপার চিকিৎসা নিলেও অন্য খেলোয়াড়দের নিজেদের অবস্থানে অথবা সেন্টার সার্কেলের ভেতরে থাকতে হবে। কোচের সঙ্গে আলোচনা করতে সাইডলাইনে যাওয়ার সুযোগ থাকবে না।
এ ছাড়া সময়ক্ষেপণ ঠেকাতে আরও কয়েকটি কঠোর বিধান যুক্ত করা হয়েছে। কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে থ্রো-ইন নিতে দেরি করলে সেই থ্রো প্রতিপক্ষকে দেওয়া হতে পারে। একইভাবে গোল-কিক নিতে অযথা বিলম্ব করলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাওয়ার সুযোগ পাবে।
খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। মাঠ ছাড়ার সময় কোনো ফুটবলারকে নিকটতম সাইডলাইন দিয়ে দ্রুত বের হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ত্যাগ করতে ব্যর্থ হলে বদলি খেলোয়াড়কে কিছু সময় অপেক্ষা করতে হবে এবং ওই সময় দলকে একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে হবে।
চিকিৎসাজনিত বিরতির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চোটের কারণে মাঠে চিকিৎসা নেওয়া খেলোয়াড়কে পরবর্তী ৬০ সেকেন্ড মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলকিপার, গুরুতর ফাউল বা কার্ড-সংক্রান্ত ঘটনায় এই নিয়ম প্রযোজ্য হবে না।
মাঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে নতুন শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে উসকানিমূলক বা আপত্তিকর কিছু বললে রেফারি সরাসরি লাল কার্ড প্রদর্শন করতে পারবেন।
এদিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন কর্নার, ফ্রি-কিক বা অন্যান্য সেট-পিস থেকে খেলা পুনরায় শুরু হওয়ার ঠিক আগে সংঘটিত কোনো গুরুত্বপূর্ণ ফাউল গোল, পেনাল্টি বা শাস্তিমূলক সিদ্ধান্তকে প্রভাবিত করলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে এবং রেফারিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দেবে।
ফিফার আশা, নতুন নিয়মগুলো বিশ্বকাপে আরও গতিময়, স্বচ্ছ ও প্রতিযোগিতাপূর্ণ ফুটবল উপহার দিতে সহায়তা করবে।



