Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

বছরের মাঝপথের আগেই ১০ লাখ পর্যটকের দ্বারপ্রান্তে মালদ্বীপ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে চলা মালদ্বীপ ২০২৬ সালের মাঝপথ আসার আগেই নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছেছে। দেশটির পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের শেষ পর্যন্ত প্রায় ৯ লাখ ২৩ হাজার পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই চলতি বছরে ১০ লাখ পর্যটক আগমনের রেকর্ড স্পর্শ করবে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র।

২০২০ সালে করোনা মহামারির মধ্যেও আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত রেখে বিশ্বজুড়ে আলোচনায় আসে মালদ্বীপ। এরপর থেকে দেশটি ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক পর্যটন অঙ্গনের মর্যাদাপূর্ণ বিভিন্ন স্বীকৃতি এবং পর্যটক আগমনের রেকর্ড প্রবৃদ্ধি মালদ্বীপকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও কিছু ঐতিহ্যবাহী ইউরোপীয় বাজারে সাময়িক ধীরগতি থাকা সত্ত্বেও মালদ্বীপের পর্যটন খাত শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে। গত বছরের একই সময়ের তুলনায় মে মাসে পর্যটক আগমন ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে ৬ হাজার ২০০ জনের বেশি পর্যটক প্রবেশ করছেন।

চলতি বছরের শুরু থেকেই পর্যটন খাতে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। মার্চের প্রথম সপ্তাহেই পর্যটক আগমন ৫ লাখ অতিক্রম করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়া জানুয়ারি মাসে ২ লাখ ২৪ হাজার ৭৮৮ জন পর্যটক আগমন করে, যা মালদ্বীপের ইতিহাসে জানুয়ারি মাসের সর্বোচ্চ রেকর্ড।

২০২৬ সালে মালদ্বীপে পর্যটক পাঠানোর ক্ষেত্রে চীন শীর্ষ অবস্থানে রয়েছে। এর পরেই রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য। মে মাসের শেষ নাগাদ চীন থেকে ১ লাখ ৪১ হাজারের বেশি এবং রাশিয়া থেকে ১ লাখ ২১ হাজারের বেশি পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছেন।

মালদ্বীপের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পর্যটন শিল্প। ২০২৫ সালে দেশটি ২২ লাখ ৫০ হাজার পর্যটক গ্রহণ করে নতুন রেকর্ড গড়ে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ বেশি। এ ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৬ সালে ২৪ থেকে ২৫ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে, ১০ লাখ পর্যটক আগমনের এই মাইলফলক মালদ্বীপের প্রতি বৈশ্বিক পর্যটকদের আস্থা ও আকর্ষণেরই প্রতিফলন। বিলাসবহুল রিসোর্ট, স্ফটিকস্বচ্ছ নীল জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্য, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং উন্নত পর্যটন অবকাঠামোর কারণে মালদ্বীপ এখনও বিশ্বের অন্যতম জনপ্রিয় ও কাঙ্ক্ষিত পর্যটন গন্তব্য হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button