
বাংলা টিভি ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে চার ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই সহোদরকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে বিষাক্ত মদ পান করিয়ে তাদের হত্যা করা হয়েছে।
সোমবার (৮ জুন) র্যাব-১৩-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)। তারা মিঠাপুকুর উপজেলার বাসিন্দা এবং সম্পর্কে আপন ভাই।
মামলার এজাহার অনুযায়ী, নিহত সাজু মিয়ার ভাগিনা জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। অভিযোগে বলা হয়, অবৈধ মাদক বিক্রিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে সাজু মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ৩০ মে রাতে অভিযুক্তরা কৌশলে সাজু মিয়া ও তার তিন বন্ধুকে একটি আম ও মালটার বাগানে নিয়ে যান এবং সেখানে তাদের অতিরিক্ত ও বিষাক্ত মদ পান করান।
মদ্যপানের পর চারজনই নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও অল্প সময়ের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে চারজনেরই মৃত্যু হয়। প্রথমে ১ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাজু মিয়ার মৃত্যু হয়, এরপর তার সঙ্গে থাকা অপর তিন বন্ধুও প্রাণ হারান।
ঘটনার পর ২ জুন মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে নেমে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার একটি এলাকায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।



