Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে ২ জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয় থেকে দুই দিনের ব্যবধানে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপগুলো পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং বর্তমানে সেগুলো তাদের হেফাজতে রয়েছে।

রোববার (৭ জুন) ও সোমবার (৮ জুন) পৃথক দুটি অভিযানে এসব সাপ উদ্ধার করা হয়। প্রথম দিনে একটি অভিযান চালিয়ে দুইটি এবং পরদিন আরও দুইটি সাপ উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

ডিআইজি কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে একটি কক্ষের দেয়ালের ভেতর থেকে প্রথমে এক জোড়া সাপ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে দেয়াল ও পার্টিশনের বিভিন্ন অংশ খুলে তল্লাশি চালিয়ে সাপ দুটি বের করা হয়। পরবর্তীতে সেগুলো বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরদিন সকালে আবারও কার্যালয়ের ভেতরে সাপ দেখতে পাওয়া গেলে উদ্ধার কার্যক্রম চালানো হয়। দিনব্যাপী অভিযানে আরও দুইটি সাপ উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্টরা।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দুই দিন ধরে ধারাবাহিক অভিযানে মোট চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে এগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা চারটি সাপ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button