Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

‘আদালত আমার হাতের তালুতে’ বলে বসতবাড়িতে হামলা, মালামাল লুট

বাংলা টিভি ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িঘরে ভাঙচুর, মালামাল লুটপাট এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার দেউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, দেউলা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন দাবি করেন, তার শারীরিক ও মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে ছেলে জামাল হোসেন প্রতারণার মাধ্যমে তার নামে থাকা ১২ শতাংশ জমি নিজের নামে হেবা দলিল করে নেন। পরে বিষয়টি জানতে পেরে তিনি জমি ফেরত চাইলে উভয়ের মধ্যে বিরোধ শুরু হয়।

আনোয়ার হোসেনের অভিযোগ, স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি আদালতে দলিল বাতিল চেয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলার জের ধরে শুক্রবার সকালে জামাল হোসেন ও তার সহযোগীরা বাড়িতে হামলা চালায়। এ সময় তারা প্রাচীর ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায় বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় বাধা দিতে গেলে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রোকেয়া বেগমকে মারধর করা হয়। আহত রোকেয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর আনোয়ার হোসেন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের চেষ্টা করছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামাল হোসেনের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button