Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়বাংলাদেশরাজধানী

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ব্যাগ ছিনতাই

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

ওসি জানান, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ও ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।

তিনি আরও জানান, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি মুদ্রার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

ব্যাগে কী পরিমাণ মুদ্রা ছিল, এ বিষয়ে ওই ব্যবসায়ীর বরাতে মতিঝিলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, ব‍্যাগে দেশি-বিদেশি মুদ্রা ছাড়াও ১৭ হাজার ডলার ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় মুদ্রার খুচরা ব্যবসা করতেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button