Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

নোয়াখালীতে আ.লীগ ও বিএনপির সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৬

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন বাঁধেরহাট এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরদিন পাল্টাপাল্টি কর্মসূচি ও শোডাউনের মাধ্যমে আরও বাড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের একটি মোটরসাইকেল বহর এলাকায় গেলে স্থানীয় আওয়ামী লীগ ও সমর্থকদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে রাতের দিকে একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগও ওঠে।

এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং এতে কয়েকজন আহত হন। অন্যদিকে স্থানীয়দের একটি অংশ পরিস্থিতি উত্তেজনা সৃষ্টির জন্য পাল্টাপাল্টি কর্মসূচিকে দায়ী করছে।

সুধারাম মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button