Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

মাদক কারবারের অভিযোগে সালিশে নির্যাতন, ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে বেঁধে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে সালিশ বৈঠকের নামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী একটি স্থানীয় কমিটির উদ্যোগে আয়োজিত বৈঠকে হবি মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ আনা হয়। একপর্যায়ে তাকে হাত-পা বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে তাকে পায়ের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে থাকা অনেকেই ভিডিও ধারণ করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। অনেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথা বললেও বেশিরভাগ মানুষ বিচারবহির্ভূত শাস্তি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার সমালোচনা করেছেন।

স্থানীয়দের মতে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সালিশের নামে প্রকাশ্যে নির্যাতন আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকও জানিয়েছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button