সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজার-এর সাহারা মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে তীব্র গরম ও তৃষ্ণায় ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতরা মালিতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে নিজ দেশে ফিরছিলেন। পথে ট্রাকটি বিকল হয়ে গেলে তারা মরুভূমির দুর্গম এলাকায় আটকা পড়েন এবং সঙ্গে থাকা পানি শেষ হয়ে যায়। চরম তাপমাত্রা ও পানির অভাবে একে একে তাদের মৃত্যু হয়।
নাইজারের আগাডেজ গভর্নরেট জানায়, আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকায় কোনো স্থায়ী পানির উৎস না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এ ঘটনায় দুইজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তারা দীর্ঘ পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছে পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাদের তথ্যের ভিত্তিতেই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং পরে মরদেহগুলো গণকবরে সমাহিত করা হয়।
আসামাকা অঞ্চলটি নাইজার-আলজেরিয়া সীমান্তের কাছে অবস্থিত এবং আফ্রিকার অভিবাসন রুট হিসেবে পরিচিত। এখান দিয়ে ইউরোপগামী অভিবাসীদের যাতায়াতের সময় অতীতেও এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রশাসনের মতে, বিকল যানবাহন, প্রচণ্ড তাপমাত্রা এবং পানির সংকট মিলেই এই মর্মান্তিক ঘটনার কারণ।



