
বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একদিনের অভিযানে মোট ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকার বেশি।
শুক্রবার (৫ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ আমিন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের মাষ্টারের ঘের এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহাম্মদ আমিনকে আটক করা হয়। একই রাতে গুইজার খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের এলাকায় পরিচালিত আরেক অভিযানে মালিকবিহীন ২ লাখ ১২ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



