ভারতে ১৫ মসজিদ সিলগালা করলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ-এর রাজধানী অঞ্চলে অনুমোদনহীনভাবে নির্মিত ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অভিযোগ ও দীর্ঘদিনের আন্দোলনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
স্থানীয় আদিবাসী যুব সংগঠন অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন দাবি করে আসছিল যে, রাজধানী এলাকায় অবৈধ বসতি ও অননুমোদিত ধর্মীয় স্থাপনা স্থানীয় জনসংখ্যার ভারসাম্য এবং আদিবাসী অধিকারকে প্রভাবিত করছে। এ দাবিতে তারা আগে প্রতীকী বন্ধ কর্মসূচিও পালন করে।
রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের শুরুতে সংগঠনটির সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু প্রশাসনকে রাজধানী এলাকায় অনুমতি ছাড়া নির্মিত ধর্মীয় স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেন। পরবর্তী জরিপে ১৫টি অননুমোদিত মসজিদ শনাক্ত করা হয়।
সরকারের ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে ১২টি এবং পরে আরও ৩টি মসজিদ সিলগালা করা হয়েছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট সংগঠনের উত্থাপিত বিষয়গুলো আইনগত ও প্রশাসনিক কাঠামোর মধ্যেই সমাধানের চেষ্টা করা হয়েছে।
এদিকে, রাজ্যে অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার জানিয়েছে, ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থা আরও কার্যকর করতে পৃথক প্রশাসনিক কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের মতে, আদিবাসী পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।



