
বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে এক বৃদ্ধকে নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন তোফায়েল আহমেদ নামের এক যুবক। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তোফায়েল আহমেদ কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও অনেক মানুষ কসবা রেলস্টেশনে সময় কাটাতে এসেছিলেন। বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তোফায়েলও। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে এক বৃদ্ধ যাত্রী নেমে অসাবধানতাবশত মাঝের রেললাইনে দাঁড়িয়ে পড়েন।
ঠিক তখনই একই লাইনে দ্রুতগতিতে এগিয়ে আসছিল সুবর্ণ এক্সপ্রেস। ট্রেনের সতর্ক সংকেত শুনতে না পাওয়ায় বৃদ্ধ ব্যক্তি সেখানেই অবস্থান করছিলেন। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তোফায়েল দ্রুত রেললাইনে নেমে তাকে নিরাপদ স্থানে সরিয়ে দেন।
তবে বৃদ্ধকে বাঁচাতে সক্ষম হলেও নিজে আর সরে যেতে পারেননি। সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



