Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে বিক্রি, গ্রেপ্তার ২

বাংলা টিভি ডেস্ক: ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের কাছ থেকে প্রায় ৮ কেজি চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘রেড টেলিফোন’ সংযোগের তার চুরির ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র স্বীকার করেন যে, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরে ১ জুন একুশে হল-এর সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে হোসনি দালান রোড এলাকার একটি গুদাম থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রটির মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button