
বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক যুবকের বিরুদ্ধে গোপনে বিয়ে করে স্ত্রীকে প্রতারণার অভিযোগ উঠেছে। স্বামীর স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী শ্বশুরবাড়িতে গেলে স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে যান বলে অভিযোগ করেছেন ওই নারী।
অভিযোগ অনুযায়ী, উপজেলার উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা দুলাল ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় বরিশালের গৌরনদী উপজেলার এক বিধবা নারী সাথী আক্তারের সঙ্গে পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় ছয় মাস আগে তারা ঢাকায় গোপনে বিয়ে করেন বলে দাবি করা হয়েছে।
সাথী আক্তার জানান, বিয়ের পর তিনি জানতে পারেন দুলালের আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে। বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। সম্প্রতি দুলাল ঢাকায় থেকে গ্রামের বাড়িতে ফিরে এলে তিনি স্বামীর বাড়িতে যান। তবে তাকে দেখে দুলাল বাড়ি থেকে চলে যান এবং পরিবারের সদস্যরাও তাকে বাড়িতে প্রবেশ করতে দেননি বলে অভিযোগ করেন তিনি।
দিনভর অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে তিনি বিপাকে পড়েন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় নিরাপদে থাকার ব্যবস্থা করে।
ফুলবাড়ী উপজেলা থানার এসআই ইয়াছিন আলী জানান, অভিযুক্ত দুলালকে বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিতে চাইলে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



