
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অভিযোগ উঠেছে, মায়ের প্রতি দায়িত্ব ও ভরণপোষণের ক্ষেত্রে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় বিষয়টি পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বর্তমানে এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় অবস্থান করছিলেন। ঘটনাস্থলের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সন্তানদের দায়িত্ব ও প্রবীণ বাবা-মায়ের প্রতি যত্ন-আত্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।



