প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন না করে নতুন প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে নামকরণের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব পাঠায়। তবে ওই প্রস্তাব অনুমোদন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সেখানে উপযুক্ত নামকরণের বিষয়টি বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান কাঠামো বজায় রেখে নাম পরিবর্তনের উদ্যোগকে উৎসাহিত করা হয়নি বলেও জানা গেছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত হয়ে আসছে।
এদিকে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সফর সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রেও পূর্বে একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেখানে বাস্তবসম্মত ও স্থানীয় সক্ষমতাভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



