২৫ বছর ধরে মায়ের পিঠই অবিনাশের হুইলচেয়ার! দেখার কেউ নেই

গাইবান্ধা প্রতিনিধি: জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বেলকা গ্রামের অবিনাশ চন্দ্র দাস। ২৫ বছর ধরে তার চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে মায়ের পিঠ। বয়স ও ক্লান্তিতে নুয়ে পড়া সেই মা-ই এখন সন্তানের প্রধান অবলম্বন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় পরিবারের একটি হুইলচেয়ার থাকলেও তা বহু বছর আগেই নষ্ট হয়ে যায়। আর্থিক অস্বচ্ছলতার কারণে নতুন হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই ছেলেকে পিঠে বহন করে চলতে হয় মাকে।
অবিনাশের বাবা লাল চন্দ্র দাস পেশায় কৃষিশ্রমিক। দিন এনে দিন খাওয়া এই পরিবারে মৌলিক চাহিদা পূরণই যেখানে কঠিন, সেখানে চিকিৎসা বা সহায়ক উপকরণ সংগ্রহ তাদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও প্রয়োজনীয় সহায়তা বা কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এদিকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিয়ে একে অপরের ওপর দায়িত্ব চাপানোর কথা বললেও কার্যকর কোনো সমাধান আসেনি বলে দাবি স্থানীয়দের।
প্রতিবন্ধী এই যুবকের ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বেগ দেখা দিয়েছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। একটি হুইলচেয়ার বা যথাযথ সহায়তা পেলে তার জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন তারা।
এ ঘটনায় সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মহলের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা, যাতে অবিনাশের দীর্ঘদিনের এই কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।



