UNGA সভাপতির পদে বাংলাদেশের জয়, ড. খলিলুর রহমানকে মুইজ্জুর শুভেচ্ছা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও কূটনীতিক ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ড. খলিলুর রহমানের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি সর্বাত্মক সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে। একই সঙ্গে তিনি এটিকে বাংলাদেশ ও সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য একটি গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকুরিস, যিনি পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়ে এবং নির্বাচনটি গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। এ পদে প্রার্থিতা দেন বাংলাদেশের ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস। এর আগে ফিলিস্তিনও প্রার্থী হওয়ার আগ্রহ দেখালেও পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
ড. খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এর স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য, এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে একজন বাংলাদেশি নির্বাচিত হওয়ায় কূটনৈতিক অঙ্গনে এটিকে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।



