ভিসার নিয়মে হঠাৎ পরিবর্তন আনলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও অভিবাসন সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। নতুন বিধিমালায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করতে ইচ্ছুক বিদেশিদের জন্য আগের তুলনায় আগেই বাধ্যতামূলক নিবন্ধন সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর ধারা সংশোধন করেছে। সোমবার (১ জুন) জারি করা এই প্রজ্ঞাপনে বিদেশি নাগরিকদের সন্তান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তথ্য প্রতিবেদন ব্যবস্থায়ও কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশিদের এখন নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগে এই নিবন্ধন ভিসার মেয়াদ শেষে অতিরিক্ত ১৪ দিনের মধ্যে করার সুযোগ ছিল, যা এখন আর প্রযোজ্য নয়।
যেসব ভিসায় সর্বোচ্চ অবস্থানের সীমা ১৮০ দিন নির্ধারিত, সেগুলোর ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে। অর্থাৎ কোনো বিদেশি নাগরিক যদি একটানা বা এক বছরে নির্ধারিত সময়ের বেশি থাকতে চান, তবে সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দাবি, এতে অভিবাসন নজরদারি আরও কার্যকর হবে।
অতিরিক্ত সময় অবস্থানের অনুমতি কেবল বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে সাধারণ ক্ষেত্রে সময়সীমা ছাড়িয়ে থাকার সুযোগ আরও সীমিত হয়ে আসবে।
নতুন প্রজ্ঞাপনে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে কিছু শিথিলতাও আনা হয়েছে। আগের নিয়মে বিদেশি বাবা-মায়ের সন্তান জন্মের ৩০ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক ছিল। সংশোধিত বিধিতে বলা হয়েছে, যদি সন্তানের বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় থাকে, তবে তাৎক্ষণিকভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে পরবর্তীতে অন্য নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে।
এছাড়া হাসপাতাল, নার্সিং হোম ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য তথ্য প্রতিবেদন ব্যবস্থায় নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তন মূলত ইমিগ্রেশন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার অংশ হিসেবে আনা হয়েছে, চিকিৎসা সেবার কার্যক্রমে কোনো পরিবর্তন নয়।



