হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, প্রশংসায় ভাসছেন মুসলিম নারী গ্র্যাজুয়েট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এর ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। উদ্বোধনী পর্বে তার তিলাওয়াত সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
গত ২৬ মে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। এর অংশ হিসেবে সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন সুহেইলা মুখতার। তার তিলাওয়াত উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
পরে তিলাওয়াতের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশ থেকে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া আসে।
সুহেইলা মুখতার ২০২২–২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। একাডেমিক সাফল্যের পাশাপাশি তিনি গবেষণা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন বলে জানা গেছে। তার গবেষণার ক্ষেত্রের মধ্যে চিকিৎসাবিজ্ঞান, ডিজিটাল স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার আচরণগত দিক অন্তর্ভুক্ত।
এছাড়া তিনি হার্ভার্ডের বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং একটি হাসপাতালেও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন।
একাডেমিক সাফল্য, গবেষণা ও আন্তর্জাতিক মঞ্চে কোরআন তিলাওয়াত—সব মিলিয়ে সুহেইলা মুখতারকে অনেকেই তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে দেখছেন।



