
বগুড়া প্রতিনিধি: বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আড়াই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে ঘিরে অবহেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ না করতে বাংলা টিভির ডিজিটাল টিমের বগুড়া প্রতিনিধিকে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন কর্তৃপক্ষ। যার ভিডিও ইতিমধ্যেই বাংলা টিভির ডিজিটাল প্লার্টফর্ম ফেসবুক পেজ ও ইউটিউবে প্রচার করা হয়েছে।
রোববার (৩১ মে) সকালে বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় অবস্থিত সৃষ্টি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত আয়ান সোনাতলা উপজেলার পূর্ব ভেলুরপাড়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী আব্দুল আহাদের একমাত্র ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয় আয়ানকে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল। শনিবার রাত পর্যন্ত শিশুটি স্বাভাবিক ছিল বলে জানান তারা।
স্বজনদের দাবি, রাতে চিকিৎসক শিশুটিকে স্যালাইন ও জরুরি ইনজেকশন দেওয়ার নির্দেশ দিলেও দায়িত্বে থাকা নার্সরা তাৎক্ষণিকভাবে সেগুলো প্রয়োগ করেননি। বারবার অনুরোধ করা হলেও সকালে দেওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। পরে রোববার সকালে শিশুটিকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা নিশাত বেগম অভিযোগ করেন, চিকিৎসকের নির্দেশনা যথাসময়ে বাস্তবায়ন করা হলে তার সন্তানকে হয়তো বাঁচানো সম্ভব হতো। এদিকে শিশুটির মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে সৃষ্টি জেনারেল হাসপাতালের সহকারী ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, হাসপাতালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর ই শাদীদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন শিশুটির বাবা আব্দুল আহাদ। আয়ানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা।



