
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ ১০ নম্বর ওয়ার্ড এলাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে এক ফার্মেসি ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, সাজিদুল নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম নেয়।
এলাকাবাসীর দাবি, এর আগেও প্রায় এক বছর আগে তার বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছিল। সে সময় ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা হয় এবং পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক অভিযোগের পর স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগও প্রত্যাশা করেন তারা।
এ বিষয়ে মো. ইফতেখার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



