ডাকাতি শেষে স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে পালাল ডাকাত দল

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের ইসলামপুর গভীর রাতে এসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দম্পতি আহত অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে শুক্রবার রাতে আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে ও অবস্থান নেয়। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে ডাকাত দল বিভিন্ন আসবাব থেকে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুট করে। ডাকাত দল যাওয়ার সময় আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
আল আমিনের চাচা হাসর আলী বলেন, গভীর রাতে তাদের চিৎকারে স্বজনরা জেগে উঠে ছুটে আসে। এসিডে দগ্ধ অবস্থা দেখে তাদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় পরে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। দোষীদের গ্রেপ্তারের অভিযান চলছ।



