Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবিএনপিরাজনীতি

গণ্ডগোল করার জন্য একটা গ্রুপ সবসময় প্রস্তুত থাকে: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, গণ্ডগোল করার জন্য একটা গ্রুপ সবসময় প্রস্তুত থাকে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সেই বিষয়টি লক্ষ্য রেখে আমাদের সম্প্রীতি আমরা বজায় রাখব। আমরা সবাই একসঙ্গে থাকব। বাহিরের থেকে কিছু মানুষ উস্কাবে, সেই উস্কানিতে পরবো না। সমাজে কিছু মানুষ এসবের জন্য উতপেতে থাকে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার (৩০ মে) ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, কিছুদিন আগের ঘটনা, সেই ঘটনা (কুরআন অবমাননা সংক্রান্ত বিষয়ে) সম্পর্কে যে যাই বলেন। সেদিন রাত্রে আপনাদের (সনাতন ধর্মের নেতাদের উদ্দেশ্যে) কোনো নেতার কোনো ফোন পাইনি। ওইদিন রাত আড়াইটা পর্যন্ত আমি মনিটরিং করেছি। আমাদের দলের লোকজন প্রতিবাদ মিছিল করতে চেয়েছে। অনেকেই অনেক কথা বলেছে। এগুলো তো বন্ধ করছিই, থানাকে বলেছি, প্রত্যেকটি হিন্দু বাড়িকে পাহারা দিতে হবে। আর কোনো মিছিল বের হলেই পিটাবা। আমি বিষয়টি শক্তহাতে ধরেছি। মনে করেছিলাম, আপনারাও বলবেন!

তিনি আরও বলেন, সম্প্রীতি দুই দিক দিয়েই হতে হবে, এক দিক দিয়ে তো হয় না, আপনি আমার ভাই, আপনি আমার দিকে এগিয়ে আসবেন, আমিও এগিয়ে যাব। আমি চাই আমরা যে ধর্মেই হই, গৌরীপুরের মানুষ আমরা ভাই ভাই। সেইভাবে একটি সম্পর্ক তৈরি আছে এবং সম্পর্কটা বজায় থাকুক। এক-দুইজন একটা কিছু হঠাৎ করবে। সেই জন্য পুরো কমিউনিটি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তা হতে পারে না। সেই দিন রাতে যদি একটা মিছিল হতো, তাহলে বিষয়টি হাতের বাহিরে চলে যেত। আমরা বিএনপি সেটাকে রাখতে পারতাম না হাতে।

গোবিন্দ জিউর মন্দির কমিটির নবনির্বাচিত সভাপতি শ্যামল বসাক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ জেলা উত্তর শাখার সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দ জিউর মন্দির কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব সরকার রাজু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট জেলা শাখার সদস্য সুজন সরকার, মিলন বিশ্বাস, রাজরাজেশ্বরী মহাদেবী বোকাইনগর কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু পাল।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button