Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

একাত্তরে পরাজিতরা ফণা তোলার চেষ্টা করছে: শামা ওবায়েদ

বাংলা টিভি ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারের কাছেই বাংলাদেশ নিরাপদ। দেশের মানুষের স্বার্থ, নিরাপত্তা, দেশের সম্পদ সব কিছুই নিরাপদ। অন্য কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। বিএনপি সরকার জনগণের সরকার।

শনিবার (৩০ মে) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জিয়া পরিবারের যারা শত্রু, ১৯৭১ সাল থেকে যারা বাংলাদেশে একটি সার্বভৌমত্ব শক্তিশালী সরকার থাকুক যারা চায়না, তারা কিন্তু এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র যে কোনো মূল্যে আমাদের মোকাবেলা করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা জুলুম, নির্যাতন, চাঁদাবাজি করেছে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখনও সেই দোসররা বসে আছে। বর্তমান সরকার যাতে সফল না হতে পারে সেজন্য ষড়যন্ত্র এখনো কিন্তু চলমান রয়েছে। ৭১ সালে যারা পরাজিত যোদ্ধা ছিলেন, তারাও আজকাল নানাভাবে ফণা তোলার চেষ্টা করছেন। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।

শামা ওবায়েদ বলেন, শহীদ জিয়া সব বাধা অতিক্রম করে দেশের মানুষের জন্য কাজ করেছিলেন। দেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে তুলে এনে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করে গেছেন। তিনি এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কৃষক ও শ্রমিকরা যাতে তিনবেলা পেট ভরে খেতে পারবে। তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।

ছাত্রসমাজ ও যুবসমাজ নিজেদের শিক্ষা লাভ করে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করবে। নারীরা নিজেদের পায়ে দাঁড়াবে। তিনি প্রত্যেকটা স্বপ্নের বীজ বপন করে গেছেন। পানির সমস্যা দূর করার জন্য তিনি খাল খনন করেছেন। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠা করে গেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়া দেশের রেমিট্যান্স খাত প্রতিষ্ঠা করেছেন। তিনি দেশকে সফলভাবে বিশ্বের মানচিত্রে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায়, গণতন্ত্রের মুক্তির প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে একজন আপসহীন নেত্রী হিসাবে উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরন করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে। হিংসা বিভেদ ভুলে দলের জন্য কাজ করুন। দেশের মাটি ও জনগণের সেবায় নিয়োজিত হন। তাহলেই শহীদ জিয়া যে সুন্দর বাংলাদেশ গড়তে চেয়েছিলেন সেটা আমরা করতে পারবো। এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম আগামী একশ বছর দলের ঝান্ডা উড়াতে পারে।

পরে দোয়া মাহফিলে অংশ নেন প্রধান অতিথিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button