হাফেজ আনিস ১৭ জেলায় ৬৩টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী থেকে: হাফেজ মো. আনিসুর রহমান (আনিস) ছোটদের জন্য প্রাথমিক ইসলামি শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি বাংলাদেশ ও দেশের বাইরে মানবিক সহায়তা প্রদান করে একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করলেও সারাদেশ উলামা-ত্বলাবা মানবিক সংগঠনের মাধ্যমে ১৭ জেলায় ৬৩টি মক্তব (মাদ্রাসা) প্রতিষ্ঠা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এক সুবিশাল নজির সৃষ্টি করেছেন আনিস। যে শিক্ষা আজ বিলুপ্তির পথে তা আজ দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছেন তিনি।
জানা গেছে, হাফেজ আনিস নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুরপুর, ঠাকুরগাঁ, রংপুর, পঞ্চগড়, ভোলা, বরিশাল, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ ১৭টি জেলায় মক্তব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দান, বন্যা কবলিত মানুষকে ত্রাণ সহযোগিতা করা, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, অবহেলিত নওমুসলিমদের সহযোগিতা ও বাসস্থানের ব্যবস্থা এবং আইনি সহযোগিতা করা, ধর্ষিতা মেয়েদের আইনি সহযোগিতা ও আর্থিক সহযোগিতা করা, অস্বচ্ছল মেয়েদের বিবাহের সুব্যবস্তা করা, মজলুম কারাবন্দীদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান, ফিলিস্তিন, আফগানিস্তান, সোমালিয়া, কাশ্মির ও ভারতে নির্যাতিত মুসলিমদের আর্থিক সহযোগিতা করা, বেকার যুবসমাজের চাকরির ব্যবস্থা করা এবং দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি।
বর্তমানে মানবিক কাজ করা তার নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে। দেশের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যার কথা শুনলেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। পরে তা সমাধানের জন্য মুহূর্তের মধ্যে ছুটে চলে যান সেখানে। প্রতিদিন হাজারো মানুষের কথা শোনেন আনিস। অসংখ্য নওমুসলিমদের থাকা খাওয়া জামাকাপড়সহ সবকিছুর ব্যবস্থা করছেন তিনি।
হাফেজ অনিসুল ইসলাম বলেন, দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের মুক্তির জন্য ইসলামী শরীয়াহ আইন বাস্তবায়ন এবং ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার বিকল্প নেই। এই দুনিয়া ও আখিরাতে একমাত্র আল্লাহর আইনই পারে সকলকে মুক্তি দিতে। মানুষের তৈরি করা বা অন্য কোনো মত বা পথ কখনো মুক্তি দিতে পারে না।
তিনি আরও বলেন, সকল বৈষম্য দূর করতে এবং অসহায় দরিদ্র অবহেলিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য সারাদেশের প্রতিটি অঞ্চলে মক্তব, মাদ্রাসা, মসজিদ, স্কুল কলেজ ও মেডিকেল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
উলামা-ত্বলাবা মানবিক সংগঠনের প্রতিনিধি হাফেজ ফিরোজ বলেন, “আনিসুল ভাই দীর্ঘদিন ধরে ইসলামের খেদমতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টা ও সহযোগিতায় বর্তমানে দেশের ১৭টি জেলায় ৬৩টি মক্তব ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে অসংখ্য শিক্ষার্থী পবিত্র কুরআন ও দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে। আল্লাহ তাআলা তাঁর এই দ্বীনি খেদমত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।”
উল্লেখ্য, হাফেজ মো আনিসুর রহমান (আনিস) একজন তরুণ আলেম, ইমাম ও খতিব, উদ্দোক্তা এবং ইসলামের দায়ী। তিনি তার মানবিক কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা সনদ ও সম্মাননা ক্রেস্ট।



