Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়রাজধানী

‘ডোনাল্ড ট্রাম্প’–এর ঠিকানা জাতীয় চিড়িয়াখানা!

বাংলা টিভি ডেস্ক: অবশেষে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় জায়গা হয়েছে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’। কোরবানির পশুর হাটে অদ্ভুত চেহারা ও মাথার সোনালি চুলের কারণে ভাইরাল হওয়া এই মহিষটি শেষ পর্যন্ত কোরবানি না হয়ে এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হতে যাচ্ছে।

মহিষটির মুখমণ্ডল ও চুলের ধরন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় এর মালিক আদর করে নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামার থেকে প্রথম আলোচনায় আসে মহিষটি। পরে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিরল প্রজাতির এই মহিষ দেশে দ্বিতীয়টি নেই— এমন তথ্য সরকারের নজরে আসার পর কোরবানি স্থগিত করা হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয় মালিকের কাছ থেকে মহিষটিকে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় স্থান দেয়।

চিড়িয়াখানার সেড নম্বর ৭-এ গয়াল, মায়া হরিণ ও চিতাবাঘের পাশের অংশে রাখা হয়েছে মহিষটিকে। ঈদুল আজহার দিন থেকেই দর্শনার্থীরা এটি দেখতে পারবেন বলে জানা গেছে।

অ্যালবিনো জাতের এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। দেখতে শান্ত স্বভাবের মনে হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এটি পুরোপুরি শান্ত নয়। তাই দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মহিষটির মালিকপক্ষ জানিয়েছে, কোরবানি না হয়ে জীবিত অবস্থায় সংরক্ষিত হওয়ায় তারা মানসিকভাবে স্বস্তি পেয়েছেন। যদিও প্রাণীটি থেকে আলাদা হতে তাদের খারাপ লাগছে, তবু এটি মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে থাকবে— এমন ভাবনায় তারা সন্তুষ্ট।

জানা গেছে, প্রায় এক বছর আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে গোলাপি রঙের বিরল অ্যালবিনো মহিষটি কিনে আনেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখের গঠন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় তাঁর ছোট ভাই এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

পরে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস ও গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করতে শুরু করেন। গত সোমবার বিকেলে মহিষটিকে পুরান ঢাকার জিনজিরায় ক্রেতা সামিরের বাসায় নেওয়া হলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে নতুন স্থানেও রাজকীয় আয়োজনে মহিষটিকে বরণ করে নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button