
বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেল দেশের দুই পরিচিত মুখ ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খানকে। প্রবাসে ঈদের আনন্দঘন মুহূর্তে তাদের এক ফ্রেমে উপস্থিতি ভক্তদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদ খানের শেয়ার করা ছবিতে দেখা যায়, ঈদের দিনে হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাচ্ছেন তারা। দেশের বাইরে অবস্থান করলেও উৎসবের আমেজে ছিল বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া।
ঈদ উপলক্ষে অনুভূতি প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।’
তিনি আরো বলেন, ‘প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
এদিকে প্রথম পর্বে দর্শকপ্রিয়তা পাওয়ার পর ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরেছেন জায়েদ খান।
নতুন পর্বের নাম ‘ঈদ মোবারক’। প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য নির্মাণে প্রবাসজীবনের আবেগ, নিঃসঙ্গতা ও নীরব বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে।



